• ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

নিজেদের অধিকার রক্ষায় সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান | কুলাউড়ায় পানগাছ কাটার ঘটনায় তদন্তের আশ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির
সংবাদটি শেয়ার করুন....

দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে নিজেদের অধিকার ও উন্নয়নের জন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকেও আরও উদ্যোগী হতে হবে। একই সঙ্গে নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণের ওপরও জোর দেন তিনি।

ভূমি-সংক্রান্ত সমস্যা নিয়ে রাষ্ট্রপতি বলেন, নিজেদের অধিকার রক্ষায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ও শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এ সময় আগামী পহেলা বৈশাখে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে বঙ্গভবনে প্রস্তাবিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) বিজন কান্তি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিবও এ সময় উপস্থিত ছিলেন।