• ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধ, চাঁদাবাজি যেই করবে কোনো ছাড় দেওয়া হবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০০:২৮ পূর্বাহ্ণ
অপরাধ, চাঁদাবাজি যেই করবে কোনো ছাড় দেওয়া হবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ আত্মনিয়োগ করবো। এ জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নবীনদের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, চাঁদাবাজি ও অপরাধ করলে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আজ নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও পল্লী বিদ্যুৎ, পিডিবি, পেট্রোবাংলা, নেসকো, নওপাজেকো, পিজিসিবি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ কথা নয়, কাজ দেখতে চায়। তাদের দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে। তিনি বলেন, আমরা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যিকারের উন্নয়নমুখী সমাজ উপহার দিতে চাই। এ জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, নির্বাচনি ওয়াদাগুলো পূরণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণকে দেখাতে হবে যে কিছু পরিবর্তন শুরু হয়েছে। তিনি উন্নয়ন কার্যক্রমের গুণগতমান বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
সরকার ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করার জন্য প্রতিটি মন্ত্রণালয়, দপ্তরকে নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি জেলার সকল দপ্তরকে ১৮০ দিনের কর্মসূচি তৈরি করে জমা দিতে নির্দেশ প্রদান করেন।