আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু আজ
অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ১৫:১২ অপরাহ্ণ
আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাওয়া তিন রোহিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার হাইকমিশনার অজিত সিং (বাম থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত
সংবাদটি শেয়ার করুন....
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ শুনানি কার্যক্রম শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি দায়ের করে। এক দশকেরও বেশি সময় পর এটিই প্রথম কোনো গণহত্যা সংক্রান্ত মামলা, যা আইসিজেতে পূর্ণাঙ্গ শুনানির পর্যায়ে পৌঁছাল। এদিকে, চলমান শুনানিতে সাক্ষ্য প্রদানের জন্য তিনজন রোহিঙ্গা প্রতিনিধি প্রস্তুতি নিয়েছেন। তাদের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশন এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, আইসিজেতে সাক্ষ্য দিতে যাওয়া রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে চলা নিপীড়ন ও সহিংসতা, অধিকার আদায়ের সংগ্রাম এবং আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোহিঙ্গা প্রতিনিধিরা মামলাটিতে ভুক্তভোগীদের কণ্ঠস্বর তুলে ধরা এবং বিভিন্নভাবে সমর্থন দেওয়ার জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং মানবাধিকার, জবাবদিহিতা ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রশ্নে কানাডার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মর্যাদা, ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের প্রচেষ্টায় কানাডা অব্যাহতভাবে পাশে থাকবে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায়, যা বাংলাদেশ সময় বিকেল ৩টার সমান, এই শুনানি শুরু হবে এবং টানা তিন সপ্তাহ ধরে এ কার্যক্রম চলবে।