আগামী নির্বাচন বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ১৯:৩৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি এমন একটি সংসদ গঠন করতে চায় যেখানে কেবল নৃত্যগীত নয়, জনগণের কথা উঠে আসবে এবং কোনো ধরনের সন্ত্রাসীদের জন্য স্থান থাকবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার যেন লাইনচ্যুত হতে না পারে, সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে। এমন একটি সংসদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সেখানে মানুষের উন্নয়ন, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আগামী সংসদ হবে আইন প্রণয়নের সংসদ, যার মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, এমন সংসদই বিএনপির প্রত্যাশা, যেখানে প্রশংসার স্তুতিবাক্য নয় বরং গঠনমূলক বিরোধিতা থাকবে এবং সংসদ সদস্যরা জনগণের পক্ষে কথা বলবেন।
তিনি বলেন, আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন পথে যাবে তা নির্ধারণের নির্বাচন। এই নির্বাচন হবে মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন এবং শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা আন্দোলনের প্রস্তুতি বাস্তবায়নের নির্বাচন। তার ভাষায়, এই নির্বাচন জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হবে, যা দেশের গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সুসংহত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের নেত্রীবৃন্দ।