গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রেখে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি পুলিশ কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল হলে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ ২০০৬-এর ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দীর্ঘদিন চাকরিতে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের পুনর্বাসনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই অন্যায়ভাবে চাকরি ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছিলেন। বর্তমান সরকার আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসনের মাধ্যমে তাঁদের চাকরিতে পুনর্বহাল এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বঞ্চিত কর্মকর্তাদের মর্যাদার সঙ্গে পেশাগত জীবনে ফিরিয়ে আনা সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ পুলিশের কাছেই ন্যায়বিচার প্রত্যাশা করে। পুলিশের সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারত্বের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তাই দেশ ও জনগণের সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
প্রযুক্তিনির্ভর অপরাধ ও সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন ও কৌশল পরিবর্তিত হচ্ছে। এ কারণে ফরেনসিক ও রাসায়নিক পরীক্ষাগারের সক্ষমতা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ তৈরি করছে সরকার।
তিনি জানান, পুলিশের অভ্যন্তরীণ দক্ষতা বাড়াতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় কর্মকর্তাদের চীনসহ উন্নত দেশগুলোতে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অর্থ বরাদ্দ ঝুলে থাকবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, এনডিসি। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, একাডেমির প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের গত আট মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তাঁর মতে, এটি দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিফলন। তবে জনকল্যাণে সরকারকে আরও অনেক দূর এগোতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশ অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত এবং বিচারপ্রক্রিয়ার মুখোমুখি করতে সক্ষম হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছিল। নির্বাচন চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, দুপুর পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছিল। ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
নাটোরের এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। সংসদ সদস্যের সন্তান হলেও অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, পরিচয় বা প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনি প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবারের অনুষ্ঠানের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর