সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ানো, ভিসা জটিলতা নিরসন ও প্রবাসীদের আইনি-সামাজিক সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে আমিরাতের পক্ষ।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ড. আলী রশিদ আল নুয়াইমির সঙ্গে আলোচনা করেন বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ও সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বৈঠকে আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রবাসীদের স্বার্থ ও অধিকার রক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি প্রবাসীদের আকস্মিক সংকট বা সমস্যার দ্রুত সমাধানে বিশেষ সেল বা পৃথক ব্যবস্থা চালুর প্রস্তাব দেন সাঈদ আল নোমান।
বৈঠক শেষে আরুশা থেকে টেলিফোনে গণমাধ্যমকে সাঈদ আল নোমান বলেন, আমিরাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটিতে কর্মরত বাংলাদেশিদের শ্রম ও দক্ষতা দুই দেশের উন্নয়নেই অবদান রাখছে। তাঁদের কাজের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
প্রবাসীদের আইনি ও সামাজিক সুরক্ষার বিষয়ে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, যেকোনো আকস্মিক সংকট মোকাবিলা এবং সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি বিশেষ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব আমিরাতের পক্ষের কাছে তুলে ধরা হয়েছে। ড. আলী রশিদ আল নুয়াইমি প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন এবং গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
সাঈদ আল নোমান আরও বলেন, বাংলাদেশ শুধু শ্রমবাজারের সম্পর্কেই সীমাবদ্ধ থাকতে চায় না। এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে আমিরাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণেও কাজ করছে বাংলাদেশ। এ ক্ষেত্রে সংসদীয় কূটনীতি দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ড. আলী রশিদ আল নুয়াইমি বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। আইপিইউ অধিবেশনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সংসদীয় নেতৃত্বের বিষয়টিও আলোচনায় আসে।
এই আলোচনা আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান ও সুরক্ষা জোরদারের সম্ভাবনা তৈরি করলেও, প্রস্তাবিত বিশেষ ব্যবস্থা বাস্তবায়ন বা নতুন ভিসা-সুবিধা চালুর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর