কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে নিখোঁজদের সন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৭ অক্টোবর) এক শোকবার্তায় মন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
শোকবার্তায় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তার জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন পর্যটনমন্ত্রী।
এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা আয়োজনের নির্দেশনা দিয়েছেন তিনি। ওই সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধার বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নিতে বলেছেন মন্ত্রী। এ প্রশিক্ষণ কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।
শোকবার্তায় মন্ত্রী টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর