ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিশুকিশোর সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের তারারমেলা শাখার পরিচালক আহনাফউজ্জামানের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মুবাশ্বির আলমের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক খালিদ হাসান ও ফুলকুঁড়ি সদস্যদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ইবি ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার ফুলকুঁড়ি সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পথশিশুদের শিক্ষার অধিকার ও শিশুশ্রমের নেতিবাচক দিক তুলে ধরে নাটিকা, আবৃত্তি, গান পরিবেশন করেন ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ও মাইন্ড ম্যারাথনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
জানা যায়, বিতর্ক প্রতিযোগিতায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মাইন্ড ম্যারাথন সিজন-৩ প্রতিযোগিতায় ২৪টি স্কুলের ২ হাজার ৫৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে মোট ৮৫ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে শাখা পর্যায়ে পাঁচজনকে ‘সেরাদের সেরা’ হিসেবে নির্বাচিত করা হয়। তারা হলেন প্রাথমিক পর্যায়ে হুসাইন মাহমুদ ও মো. আবু সালেহ এবং মাধ্যমিক পর্যায়ে আব্দুল্লাহ আল আলিফ, সাদিকুর রহমান ও তানজিম ইসলাম।
অতিথিরা বলেন, বর্তমানে শিশুদের নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। অতিরিক্ত মোবাইল আসক্তি শিশুদের পড়াশোনাও খেলাধুলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে শিশুদেরকে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে ফুলকুঁড়ি আসর যে ভূমিকা পালন করছে তা প্রশংসনীয়। শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা দেশের হাল ধরতে পারে। তাহলেই আগামীর প্রজন্ম আমাদেরকে একটি সমৃদ্ধ দেশ উপহার দিতে সক্ষম হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর