এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে ছিটকে পড়া ঠেকাতে সর্বোচ্চ এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষার্থীর একটি বছর যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যেই দ্রুত পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তবে সম্পূরক পরীক্ষায়ও উত্তীর্ণ হতে না পারলে বা পরীক্ষায় অংশ না নিলে তাদের কারিগরি ও কর্মমুখী শিক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
শনিবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, সম্পূরক পরীক্ষায় ব্যর্থ বা অনুপস্থিত শিক্ষার্থীদের বাদ না দিয়ে বিশেষ প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, এবার পরীক্ষকদের তুলনামূলক কমসংখ্যক খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। অতীতে পুনর্মূল্যায়নের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মূল্যায়ন ব্যবস্থার দুর্বলতা ও অনিয়ম চিহ্নিত করা হচ্ছে।
এ বছর পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এর পেছনে কোনো একটি বিষয়ের ঘাটতি নয়, বরং সামগ্রিক শিখন পদ্ধতি, পাঠ্যবই ও শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতা দায়ী। ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফলের উন্নয়নে বিশেষ কর্মসূচিও নেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে কম শিক্ষার্থী থাকা বা শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া কলেজগুলোকে ভালো ফল করা পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার পরিকল্পনার কথা জানান তিনি। তবে এতে কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করতে শহর ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন এবং নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর