
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।
শনিবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি বরিশাল সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ও তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ, এবং ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শনের সময় চেয়ারম্যান কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, প্রশ্নপত্র বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার শৃঙ্খলা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত হয়েছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে প্রতিটি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়।
পরিদর্শন শেষে বিভিন্ন কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধুমাত্র প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভরশীল না হয়ে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, "শিক্ষকের পাঠদান, শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি এবং ধারাবাহিক অধ্যয়নই একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের প্রধান ভিত্তি। তাই সন্তানদের নিয়মিত ক্লাসে পাঠাতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।"
এ সময় তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, এইচএসসি পরীক্ষা চলাকালীন সব পরীক্ষাকেন্দ্রে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে, যাতে প্রতিটি পরীক্ষার্থী নিরাপদ, সুশৃঙ্খল, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে।
অপরদিকে, কেন্দ্রের বাইরে উপস্থিত অভিভাবকরা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সরেজমিন তদারকি এবং তাদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, চেয়ারম্যানের নিয়মিত কেন্দ্র পরিদর্শন পরীক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে এবং সুষ্ঠু পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিয়েছে। তাঁর আন্তরিক তদারকিতে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরাও।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর