
ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারানো এতিম পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে পরিবারের দুর্দশার খবর জানতে পেরে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যান।
প্রতিনিধি দলের সদস্যরা পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং এতিম পাঁচ কন্যার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি কাজ করছে। গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে তারা পরিবারের কাছে এসেছেন। ভবিষ্যতেও এমন অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েটে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপের মধ্যে মাত্র ৩১ দিনের ব্যবধানে মারা যান কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়। এর এক মাসের ব্যবধানে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মৃত্যুর পর পাঁচ কন্যাকে নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর