স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষ সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে সংশ্লিষ্ট দেশগুলোতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।
শনিবার (২৮ মার্চ) বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের তৃতীয় দিনে বিভিন্ন থিম্যাটিক সেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। একইসঙ্গে তিনি MC14 সম্মেলনে এ সংক্রান্ত একটি কার্যকর প্যাকেজ গ্রহণের আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, একটি কার্যকর, পূর্বানুমেয় ও নিয়মভিত্তিক বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি দ্রুত পূর্ণাঙ্গ ও দুই-স্তরবিশিষ্ট ডিসপিউট সেটেলমেন্ট সিস্টেম পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং অ্যাপিলেট বডির কার্যক্রম পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী ও নিরপেক্ষ ব্যবস্থার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
মৎস্য খাতে ভর্তুকি প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি জানান, ক্ষতিকর ভর্তুকিতে দেশের অবদান প্রায় শূন্যের কাছাকাছি, যেখানে বড় মৎস্য আহরণকারী দেশগুলো প্রধান ভূমিকা পালন করছে। তিনি ক্ষতিকর ভর্তুকির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষ ও পৃথক সুবিধা (S&DT) নিশ্চিত করার ওপর জোর দেন। একইসঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক জেলেদের জন্য সম্পূর্ণ অব্যাহতির আহ্বান জানান।
সম্মেলনে বাংলাদেশ Investment Facilitation for Development Agreement-এ ১২৯তম সদস্য হিসেবে যোগদানের ঘোষণা দেয়, যা WTO কাঠামোর অধীনে বাংলাদেশের প্রথম কোনো বহুপাক্ষিক চুক্তিতে অংশগ্রহণ। বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহায়ক হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কোরিয়া, যুক্তরাজ্য ও হংকংসহ বিভিন্ন দেশ বাংলাদেশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
কৃষি খাত প্রসঙ্গে তিনি খাদ্য নিরাপত্তা, জীবিকা ও দারিদ্র্য বিমোচনে কৃষির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পাবলিক স্টকহোল্ডিং, বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং উন্নত দেশগুলোর বাণিজ্য বিকৃতকারী ভর্তুকির মতো দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের আহ্বান জানান। তিনি পুনর্ব্যক্ত করেন, কৃষি আলোচনায় বিশেষ ও পৃথক সুবিধা (S&DT) অবশ্যই কেন্দ্রীয় অবস্থানে থাকতে হবে।
এছাড়া, TRIPS চুক্তির আওতায় নন-ভায়োলেশন ও সিচুয়েশনাল কমপ্লেইন্টস (NVSCs)-এর ওপর মোরাটোরিয়াম পরবর্তী মন্ত্রী পর্যায়ের সম্মেলন পর্যন্ত অব্যাহত রাখার পক্ষে মত দেয় বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী বলেন, এ ধরনের অভিযোগ উন্নয়নশীল দেশগুলোর নীতিগত স্বাধীনতা—বিশেষ করে জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে—ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এ বিষয়ে স্থায়ী সমাধান জরুরি।
তিনি আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলকতা ও ন্যায্যতার মতো মৌলিক নীতির ওপর ভিত্তি করে হতে হবে। এসব নীতির প্রতি প্রতিশ্রুতি বজায় থাকলেই বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় আস্থা ও বিশ্বাসযোগ্যতা অটুট থাকবে।
বাণিজ্যমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। MC14-এর ফলাফল ভবিষ্যৎ সংস্কারের দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশ উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষায় WTO প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে।