বরিশালের কীর্তনখোলা নদীর তীরে একসময় দিন-রাত মেশিনের শব্দে মুখর থাকত এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরি। ২০০২ সালে খানসন্স গ্রুপের অলিম্পিক সিমেন্ট লিমিটেডের অধীনে প্রতিষ্ঠিত এই শিল্পপ্রতিষ্ঠান একসময় দেশের অন্যতম সফল সিমেন্ট কারখানা হিসেবে পরিচিত ছিল। পাঁচটি ব্র্যান্ডের সিমেন্ট উৎপাদনের মাধ্যমে বাজারে আস্থা অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে এ্যাংকর সিমেন্টকে ঘিরে উঠেছে দুর্নীতি, অর্থপাচার, ভ্যাট ফাঁকি, অব্যবস্থাপনা ও সিন্ডিকেট বাণিজ্যের গুরুতর অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, তিন মাসের বেতন-বোনাস বকেয়া, উৎপাদন কার্যক্রম স্থবির, শ্রমিক অসন্তোষ, কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি এবং বিদেশে অর্থপাচারের ঘটনায় প্রতিষ্ঠানটি এখন চরম সংকটের মুখে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের বেতন ও বোনাসসহ টানা তিন মাসের বেতন-ভাতা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। অতিরিক্ত কাজের সম্মানীও বকেয়া রয়েছে। ঈদুল আজহা আগেও শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।
এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করলে ফ্যাক্টরির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে সিমেন্ট উৎপাদন প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে কাঁচামাল ব্যবস্থাপনা ও ভ্যাট ফাঁকি নিয়ে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, স্টক রেজিস্টারে ৮০ হাজার মেট্রিক টন ক্লিংকার দেখানো হলেও বাস্তবে সেই ক্লিংকারের কোনো অস্তিত্ব নেই।
এ্যাংকর সিমেন্টের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই ৮০ হাজার মেট্রিক টন ক্লিংকার দিয়ে প্রায় ২৬ লাখ ৬৫ হাজার ৬৬৭ ব্যাগ সিমেন্ট উৎপাদন করা হয়েছে। পরে ডুপ্লিকেট মূসক চালানের মাধ্যমে তা বাজারজাত করে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
তার দাবি, শুধু ক্লিংকার থেকেই প্রায় ২০ কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে। এছাড়া লাইমস্টোন, জিপসাম, স্ল্যাগ ও ফ্লাই অ্যাশের হিসাব গোপন করে আরও প্রায় ২০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের বিরুদ্ধে।
এ বিষয়ে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সুপারিনটেনডেন্ট সাজ্জাদুল আলম বলেন, “অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্রের দাবি, ভ্যাট ফাঁকির বিষয়টি ধামাচাপা দিতে প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা দিয়ে সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগও তদন্তাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, ক্লিংকার, লাইমস্টোন, স্ল্যাগ ও জিপসাম আমদানির নামে ব্যাংকে এলসি ভ্যালু বাড়িয়ে আন্ডার ইনভয়েসিং এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করা হয়েছে।
দুদকের একটি সূত্র জানায়, পাচার করা অর্থ দিয়ে দুবাইয়ে ব্যবসাপ্রতিষ্ঠান ও ডুপ্লেক্স বাড়ি, যুক্তরাজ্যে ফ্ল্যাট ও বাড়ি এবং যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা হয়েছে।
দুদকের এক কর্মকর্তা জানান, “কীভাবে বিদেশে সম্পদ গড়া হয়েছে এবং বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ বৈধ ও অবৈধভাবে পাচার হয়েছে—তা নিয়ে অনুসন্ধান চলছে।”
তিনি আরও দাবি করেন, প্রাথমিক অনুসন্ধানে অবৈধ অর্থপাচারের সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের নোটিশও দেওয়া হয়েছে।
গত ১ মে মহান মে দিবসে শ্রমিকদের প্রতি “অটুট শ্রদ্ধা ও ভালোবাসা” প্রকাশ করেছিল এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষ। তবে মে মাসেও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে।
গত ১০ মে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্যাক্টরিতে সিওও শাহেদ উদ্দিনকে ধাওয়া দিলে তিনি একটি অফিস কক্ষে আশ্রয় নেন। পরে শ্রমিকরা অফিসে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে। পরে শাহেদ উদ্দিন আগামী ২০ মে’র মধ্যে বেতন-ভাতা পরিশোধের মুচলেকা দিলে পরিস্থিতি শান্ত হয়।
অলিম্পিক সিমেন্ট লিমিটেড কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বেতন-ভাতা আদায়ের আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।”
অলিম্পিক ফাইবার লিমিটেডের ব্যাগ ফ্যাক্টরি গত ২০ এপ্রিল থেকে বন্ধ রয়েছে। প্রথমে ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলেও পরে তা বাড়িয়ে ২০ মে পর্যন্ত করা হয়।
দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে কর্মরত অনেক নারী শ্রমিক তাদের পাওনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন বলেও জানা গেছে।
বর্তমানে ব্যাগ ফ্যাক্টরি ও এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরি—দুই ইউনিটই প্রায় অচল অবস্থায় রয়েছে।
ফ্যাক্টরি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিমেন্টের অগ্রিম বিল পরিশোধ করা ডিলার, রিটেইলার ও করপোরেট ক্রেতারা।
অভিযোগ রয়েছে, সিএমও ইমাম ফারুকী ক্রেতাদের সিমেন্ট সরবরাহে ব্যর্থ হয়ে আত্মগোপনে রয়েছেন। তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আরও অভিযোগ উঠেছে, ব্যবস্থাপনা পরিচালকের পিএস নিলুফা ইয়াসমিন নিলা কমিশন বাণিজ্যের মাধ্যমে অধিকাংশ ডিলারকে বঞ্চিত করে তার ভাই রাসেলকে এককভাবে সিমেন্ট সরবরাহে সুবিধা দিয়েছেন।
ফলে ক্ষুব্ধ ডিলার ও রিটেইলাররা এ্যাংকর সিমেন্ট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একসময় সঠিক ওজন, উন্নত মান এবং দ্রুত সরবরাহের কারণে ক্রেতাদের আস্থা অর্জন করেছিল এ্যাংকর সিমেন্ট। তবে বর্তমানে উৎপাদনে প্রধান উপাদান ক্লিংকারের পরিমাণ কমিয়ে অতিরিক্ত ফ্লাই অ্যাশ ব্যবহারের অভিযোগ রয়েছে।
এছাড়া লাইমস্টোন, স্ল্যাগ ও জিপসামের পরিমাণও কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সিমেন্টের গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ উঠেছে, অযোগ্য কর্মকর্তা নিয়োগ, সিন্ডিকেট বাণিজ্য, কমিশন বাণিজ্য, ভ্যাট জালিয়াতি এবং অর্থ আত্মসাতের মাধ্যমে অলিম্পিক সিমেন্ট, অলিম্পিক ফাইবার ও অলিম্পিক শিপিং লাইন্স লিমিটেডকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালকের পিএস নিলুফা ইয়াসমিন নিলা, পরিচালকের পিএস জুয়েল ইসলাম, সিএমও ইমাম ফারুকী, সেলস মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান, ভ্যাট কর্মকর্তা মোস্তফা ও রিয়াজসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, প্রতিষ্ঠানটি থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
রাষ্ট্রের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি, অর্থপাচারের অভিযোগ, ব্যাংকঋণের চাপ, শ্রমিকদের বকেয়া পাওনা এবং ক্রেতাদের ক্ষোভ—সব মিলিয়ে একসময় দেশের শিল্পখাতে সম্ভাবনার প্রতীক হিসেবে পরিচিত এ্যাংকর সিমেন্ট এখন বড় ধরনের সংকটের মুখোমুখি। শিল্পপ্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহলে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর