রাজধানীর উপকণ্ঠে একটি জমি নিয়ে ওয়ারিশ গোপন করে বিক্রি ও দলিল জালিয়াতির অভিযোগে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের দাবি, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে জমির মালিকানা পরিবর্তন করে প্রতারণা চালিয়ে আসছে।
নথিপত্র অনুযায়ী, সি.এস. ১৫৮ নং দাগে জমির মূল মালিক ছিলেন সাহেব আলী, হাসান আলী, আনু মিয়া, আবু সুফিয়ানসহ একাধিক ওয়ারিশ। তবে পরবর্তী এস.এ. ও আর.এস. রেকর্ডে এসে তাদের কয়েকজনের নাম বাদ পড়েছে বলে অভিযোগ রয়েছে। এতে প্রকৃত মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
ভুক্তভোগীরা আরো দাবী করেন যে, আব্দুর রাজ্জাক গং ১৫৮ দাগের মালিক যাহা উনার দলিলে উল্লেখ রয়েছে , কিন্তু আব্দুর রাজ্জাক গং ১৫৯ দাগ দখল করে বসবাস করছেন, যে দাগ নং তার দলিলে উল্লেখ নাই বলে অভিযোগ উঠেছে।
সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে দলিল নং-১৭৭৭ (তারিখ: ৬ ফেব্রুয়ারি ১৯৫৮) ঘিরে। এই দলিলের মাধ্যমে জমি বিক্রির বৈধতা নিয়েই প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, সব ওয়ারিশের সম্মতি ছাড়াই জমি বিক্রি করা হয়েছে।
ভুক্তভোগীদের একজন ক্ষতিগ্রস্ত ক্রেতা বলেন, “আমরা টাকা দিয়ে জমি কিনেছি, কিন্তু আজ পর্যন্ত দখল পাইনি। পরে জানতে পারি, একই জমি অন্যদের কাছেও বিক্রি করা হয়েছে।”
আরেকজন ওয়ারিশ অভিযোগ করে বলেন, “আমাদের না জানিয়ে আমাদের জমি বিক্রি করা হয়েছে। দলিলে আমাদের নামই নেই।” অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মধ্যে আব্দুর রাজ্জাক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সব কিছু আইন মেনেই হয়েছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সঠিক নয়। আমি নিজেই দলিল লেখক এবং কোর্টে আমদের সকল কাগজপত্র জমা দেয়া আছে।”
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যান্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে স্থানীয় ভূমি অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রেকর্ডে কিছু অসঙ্গতির বিষয় আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” আইনগত দিক তুলে ধরে একজন ভূমি আইনজীবী বলেন,
“ওয়ারিশ গোপন করে জমি বিক্রি এবং একই জমি একাধিকবার বিক্রি করা গুরুতর অপরাধ। এটি প্রমাণিত হলে ফৌজদারি মামলার আওতায় আসবে।”
স্থানীয় সূত্র জানায়, একই দাগের জমি একাধিকবার বিক্রির অভিযোগে নতুন করে আরও ভুক্তভোগী সামনে আসছেন। এতে করে পুরো বিষয়টি আরও জটিল আকার ধারণ করছে।
ভুক্তভোগীরা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকায় ক্ষোভ বাড়ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর