মরমি সাধক ফকির লালন শাহর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন উৎসব। শনিবার বিকেলে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—বাউল সম্রাট ফকির লালন শাহর এই আধ্যাত্মিক বাণীকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে ঐতিহাসিক লালন উৎসব। লালন শাহর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এ উৎসব চলবে তিন দিন।
শনিবার বিকেলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ উপলক্ষে লালন একাডেমির মূল মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক ড. রশিদুন নবী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাছুমা ফরিদা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমদ রুমী এবং পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ অন্যরা।
আলোচনা পর্ব শেষে মূল মঞ্চে লালন একাডেমির শিল্পী ও দেশের খ্যাতনামা লালনসংগীতশিল্পীরা ফকির লালন শাহর আধ্যাত্মিক গান পরিবেশন করেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ স্মরণোৎসবের আয়োজন করেছে।
প্রতিবছরের মতো এবারও লালন শাহর দর্শন উপলব্ধি, জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি ও মুক্তির অন্বেষায় দেশ-বিদেশের হাজারো অনুসারী, ভক্ত, অনুরাগী ও দর্শনার্থী ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সমবেত হয়েছেন। সাধু-বাউলদের গানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। আখড়াবাড়ির বিভিন্ন স্থানে গড়ে ওঠা অস্থায়ী আস্তানায় চলছে লালনভক্ত ও অনুরাগীদের মিলনমেলা।
এদিকে আখড়াবাড়ি চত্বর ও কালীগঙ্গা নদীর তীরবর্তী মাঠে বসেছে বিশাল লালনমেলা। উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিন দিনব্যাপী এ ঐতিহাসিক লালন উৎসব আগামী সোমবার রাতে শেষ হবে।
উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক ফকির লালন শাহর মৃত্যুর পর থেকেই তাঁর অনুসারীরা তাঁকে স্মরণ করে আসছেন। পরবর্তী সময়ে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন প্রতিবছর তাঁর তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আসছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর