গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘Bangladesh Jamaat-e-Islami: Its History and Politics’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। ভিন্নমত ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
আবদুর রাজ্জাকের বইটি শুধু সাহিত্য বা গবেষণাধর্মী গ্রন্থ নয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এতে লেখকের জীবনদর্শন, চিন্তা, চেতনা এবং সমাজকে দেখার অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে।
বইয়ে উঠে আসা আবদুর রাজ্জাকের রাষ্ট্র ও সমাজচিন্তার প্রসঙ্গেও কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আবদুর রাজ্জাকের চিন্তা অনুযায়ী ওপর থেকে কোনো ইসলামিক শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার পরিবর্তে সমাজ থেকে ইসলামিক মূল্যবোধের আলোকে রাষ্ট্র গড়ে তোলা এবং পরিচালনার কথা বলা হয়েছে।
এ সময় নতুন প্রজন্ম ও সমাজ পরিবর্তনের প্রসঙ্গও উঠে আসে। আইনমন্ত্রী বলেন, সামনে এগিয়ে যেতে হলে পরিবর্তনের সঙ্গে সমাজকে মানিয়ে নিতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আবদুর রাজ্জাকের মূল্যায়নের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী।
তিনি বলেন, এ বিষয়ে আবদুর রাজ্জাকের অবস্থান এবং জাতির উদ্দেশে দেওয়া বক্তব্য গুরুত্বপূর্ণ ছিল। তাঁর অবস্থান আরও আগে স্পষ্টভাবে সামনে এলে এ নিয়ে অনেক প্রশ্নের অবসান হতে পারত।
আইনমন্ত্রী আরও বলেন, ২০১৬ সালে আবদুর রাজ্জাক জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের ভূমিকা নিয়ে জাতির সামনে একটি বক্তব্য দেওয়ার জন্য খসড়া তৈরি করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই বক্তব্য সে সময় গ্রহণ করা হলে এ বিষয়ে অনেক প্রশ্নের সমাধান হতে পারত।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করলেও আবদুর রাজ্জাক তাঁর কর্ম, চিন্তা, দর্শন ও আদর্শের মাধ্যমে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছিলেন বলেও মন্তব্য করেন মো. আসাদুজ্জামান।
তাঁর সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী জানান, লন্ডনে গেলে কখনো তাঁর সঙ্গে দেখা করেছেন, কখনো টেলিফোনে কথা বলেছেন।
জীবনের শেষদিকে হাসপাতালে থাকা অবস্থায় আবদুর রাজ্জাক বাংলাদেশে দাফন হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও জানান তিনি। পরে তাঁর সেই ইচ্ছা পূরণ হয়েছে উল্লেখ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আবদুর রাজ্জাকের বইটি পড়ার আহ্বান জানান তিনি।
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড—ইউপিএল থেকে প্রকাশিত বইটিতে আবদুর রাজ্জাকের দীর্ঘ রাজনৈতিক জীবন, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ রাজনীতি, ১৯৭১ সালের ভূমিকা এবং দলটির রাজনৈতিক চিন্তা ও সংস্কারের নানা দিক উঠে এসেছে।
প্রকাশনা অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের পাশাপাশি অধ্যাপক আলী রিয়াজ, অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ এবং দ্য ডেইলি স্টারের কনসালটিং এডিটর কামাল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর