
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। বর্ষা মৌসুমের আগে খাল-খনন কর্মসূচি ত্বরান্বিত করতেই এই সফর গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।
বুধবার (সকাল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী জানান, চলমান খাল-খনন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী দুই জেলায় সরাসরি উদ্বোধন করবেন। তিনি বলেন, “আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে, যার মধ্যে খাল-খনন উদ্বোধন অন্যতম। একইভাবে ২৫ মে ফেনীতেও এই কর্মসূচির উদ্বোধন করবেন।”
তিনি আরও বলেন, সরকার সারা দেশে পাঁচ বছর মেয়াদি একটি বৃহৎ পরিকল্পনার আওতায় প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় তা বাস্তবায়নে কাজ করছেন।
পানি সম্পদ মন্ত্রী উল্লেখ করেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় মে মাস পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। এরপর বর্ষা শেষে পুনরায় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত খাল-খনন কার্যক্রম চালু করা হবে।
এদিকে, বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, প্রকল্পটির কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ বিষয়ে সরকার খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর