
কুমিল্লার চান্দিনা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ২নং বাতাঘাসি ইউনিয়নের পরচংগা গ্রামের সামে দরগার উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসী ফয়সালের বরাতে জানা যায়, একদল সশস্ত্র ডাকাত সংঘবদ্ধভাবে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের আতঙ্কিত করে নগদ প্রায় ২ লাখ টাকা, আড়াই থেকে তিন ভরি স্বর্ণালংকার এবং একটি আইফোনসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়। মোট তিনটি মোবাইলসহ উল্লেখযোগ্য পরিমাণ মূল্যবান মালামাল নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ আল আমিন নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, ভুক্তভোগী প্রবাসী ফয়সাল কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আতিকুর আলম শাওনের কাছে দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর