চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ। আজ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের নির্বাচিত সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশের কূটনৈতিক ইতিহাসে এ দায়িত্ব গ্রহণকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন ড. খলিলুর রহমান। এরপর রাত ৯টায় তিনি শপথ নেবেন। পরে বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।
এক বছরের জন্য ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। তিনি এ পদে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এর মধ্য দিয়ে প্রায় ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে ফিরছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। তিনিই ছিলেন এ পদে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি।
গত ২ জুন গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থার আওতায় এবার সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।
নতুন অধিবেশন শুরুর আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান। এ সময় জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় নবনির্বাচিত সভাপতিকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।
বাংলাদেশের একজন কূটনীতিকের নেতৃত্বে ৮১তম সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালিত হওয়াকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর