জনগণের প্রত্যাশা পূরণ, দলীয় নেতাকর্মীদের আচরণ, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা এবং স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং মানুষের আস্থা অর্জনই হতে হবে দলের প্রধান লক্ষ্য।
জনগণের প্রত্যাশা পূরণ, দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহযোগিতা এবং আগামী স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সাংগঠনিক সভায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
এর আগে তারেক রহমান নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য দেন। সেখান থেকে রাত সাড়ে ৯টায় তিনি রেডিসন ব্লুতে সাংগঠনিক সভায় যোগ দেন।
নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ চট্টগ্রামের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বিরোধী দলে থাকার সময় গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে কথা বলেছে। এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় জনগণের প্রত্যাশা পূরণ করাই দলের প্রধান কর্তব্য। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণের চাহিদা, প্রত্যাশা এবং দৈনন্দিন জীবনের সমস্যাগুলো বুঝতে হবে। মানুষের কথা শুনে সেসব সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। দলীয় নেতাকর্মীদের আচরণ এমন হওয়া উচিত, যাতে সাধারণ মানুষ তাঁদের কাছ থেকে সহযোগিতা ও সেবা পান।
তিনি আরও বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করতে হবে। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারলেই রাজনৈতিক কার্যক্রম সফল হবে।
নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, গত ১৭ বছর নানা প্রতিকূলতা, বাধা ও চাপের মধ্যেও দলের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তাঁদের ত্যাগ ও অবদান মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
আসন্ন স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা-উদ্বেগের মধ্যে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো ষড়যন্ত্র বা অপপ্রচারের বিষয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। সাংগঠনিক কার্যক্রম জোরদার করে দলের সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি।
স্থানীয় পর্যায়ে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার নির্দেশনাও দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, স্থানীয় সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা অন্য দায়িত্বশীল নেতাদের পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দলের অভ্যন্তরে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে রাজনৈতিক প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। নেতাকর্মীদের মধ্যে বিভেদ থাকলে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হবে। তাই সবাইকে একসঙ্গে বসে সমস্যা চিহ্নিত করে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর