কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।
রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন স্বাভাবিকভাবে পরিচালিত হয় এবং জনগণের জানমাল নিরাপদ থাকে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।
ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, সরকারকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদী ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের আন্দোলন, মিরপুরের সংঘর্ষ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর