
শতাধিক গুম ও হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক বেঞ্চকে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এদিন আসামিপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও আইনজীবী নাজনীন নাহার। তারা প্রসিকিউশনের উত্থাপিত তিনটি অভিযোগের বিরোধিতা করে জিয়াউল আহসানের অব্যাহতির আবেদন জানান এবং দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগ সমর্থনে পর্যাপ্ত তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি।
আসামিপক্ষের যুক্তির জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া দুজন সাক্ষীর জবানবন্দির বিষয় তুলে ধরেন। একইসঙ্গে তিনি জানান, এই মামলায় পরবর্তী সময়ে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। পরে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গঠনের আবেদন জানানো হলে ট্রাইব্যুনাল আদেশের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন।
এর আগে গত ৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। শুনানিতে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের দায়ে তিনটি পৃথক অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
প্রথম অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইল এলাকায় সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ অন্তত ৫০ জনকে হত্যা করা হয়।
তৃতীয় অভিযোগেও আরও ৫০ জন হত্যার দায় আনা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, একই সময়কালে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের নামে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।
এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং একই দিন সকালে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর