ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জুলাই বিপ্লবে শহিদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা। যে আত্মত্যাগের ফলে জুলাই ২০২৪-এ সৃষ্টি হয়েছে, তার কৃতিত্বের অন্যতম দাবিদার চট্টগ্রামের সন্তান শহিদ ওয়াসিম আকরাম। সাহসী যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়ে সে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে শহিদ হন।
গতকাল চট্টগ্রামের কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শিরোনামে জুলাই শহীদ দিবস-২০২৬ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৪-এর জুলাই বিপ্লব ছিল দেশের ছাত্র-জনতা ও শ্রমিক সকলেরই এক সম্মিলিত যুদ্ধ। কেউবা সক্রিয়ভাবে এ যুদ্ধে অংশ নিয়েছেন, কেউবা সমর্থন দিয়েছেন, কেউ সহমর্মিতা দেখিয়েছেন, আবার কেউ জুলাই যোদ্ধাদের খাবার ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের সকল মানুষই এ যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আজকের আলোচনা সভা শোকের নয়, এটি শক্তি সঞ্চয়ের সভা। জুলাইয়ের শক্তিতে জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়েছেন এবং একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মানবিক সহায়তামূলক কার্যক্রম শুরু করেছেন। নিত্য প্রয়োজনীয় ৬০ টির বেশি পণ্যের মূল্য কমেছে এবং স্বাস্থ্যখাতে বিভিন্ন ব্যয়বহুল জিনিসপত্রের দাম কমেছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়া সময়ের ব্যাপার।
সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, শহিদ ওয়াসিমসহ যেসকল জুলাই যোদ্ধা জীবন দিয়েছেন তাদের ইতিহাস অবশ্যই সংরক্ষণ করা হবে। প্রকৃত শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের নির্ভুলভাবে তালিকা করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনাও জুলাই বিপ্লবে ভূমিকা রেখেছে। এদেশে ফ্যাসিবাদ যেন আবার ফিরে না আসে সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর