
রাজধানীর দক্ষিণখান থানাধীন জয়নাল মার্কেটের টিআইসি কলোনি এলাকায় ভবন নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে নির্মাণকাজ চালানো হচ্ছে। একই সঙ্গে মানা হচ্ছে না রাজউকের অনুমোদিত নকশা ও বিধিনিষেধ।
নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাণ শ্রমিক জানান, তাদের কাছে নেই কোনো নিরাপত্তা জ্যাকেট, হেলমেট বা প্রয়োজনীয় প্রশিক্ষণ। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে তাদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের চারপাশে নেই কোনো সেফটি নেট বা ব্যারিকেড। শ্রমিকরা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেন্টারিংয়ের কাজ করছেন। এছাড়া ভবনের খুব কাছ দিয়েই চলে গেছে উচ্চক্ষমতার বিদ্যুৎ লাইন, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়েছে।
দক্ষিণখানের ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের নিরাপত্তাহীন নির্মাণকাজ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। সামান্য একটি ইট বা নির্মাণসামগ্রী নিচে পড়ে গেলেই পথচারীদের জন্য প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আকরাম হোসেনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং দায় রাজউকের ওপর চাপান। তবে দায়িত্বপ্রাপ্ত রাজউক কর্মকর্তা জানান, নিয়মিত অভিযান পরিচালনা করেও অনেক ক্ষেত্রে নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে সচেতন করা যাচ্ছে না। তিনি বলেন, “অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অনিয়ম শুধু আইন লঙ্ঘনই নয়, বরং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে, যা যেকোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর