শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্রাম এলাকায় ক্রয়কৃত ১০ শতাংশ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ ও গাছপালা লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে কালু সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় জমির ক্রেতার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আতলা কুড়িগ্রামের মরহুম মগদম আলী সরদারের ছেলে মরহুম আনিস উদ্দিন সরদারের উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির অংশ থেকে তাঁর ছেলে আলাউদ্দিন সরদারের অংশের ১০ শতাংশ জমি ক্রয় করেন মরহুম সাহেব আলী সরদারের ছেলে মো. জালাল সরদারের স্ত্রী। বৈধভাবে জমি ক্রয়ের পর ক্রেতাপক্ষ জমিটি দখলে রেখে পলিথিন দিয়ে ঢেকে রাখেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে কালু সরদার ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে ক্রেতাপক্ষের লাগানো/রাখা পলিথিন সরিয়ে ফেলেন এবং সেখানে গাছপালা লাগানো ও ঘর নির্মাণের চেষ্টা চালান। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ ঘটনায় জমির ক্রেতাপক্ষ থানায় সাধারণ ডায়েরি করলে বিষয়টি তদন্তের দায়িত্ব পান কর্মকর্তা খাইরুল ইসলাম। অভিযোগকারীদের দাবি, তদন্তের সময় তিনি জমি বিক্রেতা আলাউদ্দিন সরদারকে ডেকে নিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য একাধিকবার সতর্ক করেন।
তবে অভিযোগকারীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করার পরও কালু সরদার তা আমলে না নিয়ে পুনরায় ওই জমিতে ঘর নির্মাণ ও দখল প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে ক্রয়কৃত জমির মালিকানা ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ক্রেতাপক্ষ।
জমির ক্রেতাপক্ষের অভিযোগ, ক্রয়কৃত জমিতে কোনো ধরনের অনধিকার প্রবেশ, গাছপালা লাগানো কিংবা ঘর নির্মাণের চেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্রয়কৃত জমির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
একই সঙ্গে জমির মালিকানা, ক্রয়-বিক্রয়ের দলিল ও দখলসংক্রান্ত নথিপত্র যাচাই করে প্রকৃত ঘটনা নির্ধারণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর