জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ও সংসদীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা, মংলা বন্দর ও তিস্তা নদী প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার ইয়াও ওয়েনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরেন। সম্প্রতি চীনের ইউনান প্রদেশ সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি সেখানে পাওয়া উষ্ণ আতিথেয়তা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার প্রশংসা করেন।
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে চীনের বিদ্যমান সহযোগিতারও প্রশংসা করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, দুই দেশের জনগণের উন্নয়নের জন্য বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায়।
তিনি বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, জনগণের জীবনমান উন্নয়ন, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।
বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চীন সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা স্মরণ করে ইয়াও ওয়েন বলেন, এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করবে।
দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ-চীন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত।
বৈঠকে উভয়পক্ষ সংসদীয় পর্যায়ে দ্বিপক্ষীয় সফর, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া বৈঠকে মংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং তিস্তা নদী প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে পাওয়া সহযোগিতা ও আন্তরিকতার জন্য ডেপুটি স্পিকার এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইয়াও ওয়েন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
সাক্ষাৎ শেষে ডেপুটি স্পিকার ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য ও কল্যাণ কামনা করেন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর