স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, কাজ না করে অগ্রীম বিল প্রদান, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং প্রকল্পের কাজে স্থবিরতা সৃষ্টির মতো গুরুতর অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, তার দুর্নীতি ও অদক্ষতার কারণে ঢাকার সকল উন্নয়ন কার্যক্রম কার্যত থমকে আছে। এসব অভিযোগের প্রেক্ষিতে এলজিইডি ঢাকা জেলায় গত ৮ই সেপ্টেম্বর দুদক অভিযান চালিয়েছে। অভিযানে দুদক কাজ না করে অগ্রীম বিল প্রদান এবং আর্থিক অনিয়মের প্রমান পেয়েছে।
চাঁদাবাজি ও আর্থিক কেলেঙ্কারিঃ
গত ঈদুল-উল-ফিতরের আগে এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নামে ঠিকাদারদের কাছ থেকে ৪০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে বাচ্চু মিয়ার বিরুদ্ধে। এই ঘটনা সে সময় জাতীয় বেশ কয়েকটি পত্রিকায়ও সংবাদ প্রকাশিত হয়। এছাড়া তিনি প্রায়ই প্রকল্প পরিচালক, প্রধান প্রকৌশলী এবং মন্ত্রনালয়ের নাম করে ঠিকাদারদের কাছ থেকে চাপ দিয়ে টাকা তুলে নিজে আত্মসাৎ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী ঠিকাদার এ বিষয়ে সত্যতা স্বীকার করেছে।
অভিযোগ আছে, তিনি গত জুন মাসে কাজ শেষ না করেই দৃষ্টিনন্দন স্কুল প্রকল্পে বিভিন্ন স্কুলে ৩০ কোটি টাকা, কেরানীগঞ্জ প্রকল্পে ৩টি প্যাকেজে ৩০ কোটি টাকা এবং বান্দুরা ব্রিজে ৫ কোটি টাকার অগ্রিম বিল প্রদান করেছেন।
কাজ না করে ২০২৪-২৫ অর্থবছরে মোবাইল মেইনটেনেন্সের ৫০ লক্ষ টাকার সিংহভাগ আত্মসাৎঃ

এছাড়াও, ২০২৪-২৫ অর্থবছরে মোবাইল মেইনটেনেন্সের কাজ না করেই ৫০ লক্ষ টাকার সিংহভাগ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একই রাস্তার ছবি ভিন্ন ভিন্ন রাস্তায় আপলোড করে টাকা উত্তোলন করেছে। এই অভিযোগের সত্যতা যাচাই করতে এলজিইডির মেইনটেনেন্স ইউনিটের ডাটাবেজ সফটওয়্যার পরীক্ষা এবং কোন কোন রাস্তা মেইনটেনেন্স করেছে তা তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে।
কাজ না করে নিজ ভাইয়ের নামে ৫৩ লাখ টাকা আত্মসাৎঃ
বাচ্চু মিয়ার জালিয়াতির আরো একটি বড় প্রমাণ তিনি তার আপন ভাই মো. শহিদুল ইসলাম (সুমন) এর নামে এলজিইডির দুইটি তালিকাভূক্তির লাইসেন্স করে ঢাকা জেলায় নিজে ব্যবসা শুরু করেছেন। একটি তার মেয়ের নামে মোহনা এন্টারপ্রাইজ এবং অন্যটি মাহমুদ এন্টারপ্রাইজ। সরকারি নিয়ম অনুযায়ী এক ব্যাক্তি একটি সংস্থায় একটি তালিকাভুক্তির লাইসেন্স করতে পারে। কিন্তু বাচ্চু মিয়া তার নিজের ভাইকে দুইটি তালিকাভুক্তির লাইসেন্স করে দিয়েছেন। সেই দুই লাইসেন্সের একটি মাহমুদ এন্টারপ্রাইজের নামে বিনা দরপত্রে অফিস ভবন রক্ষনাবেক্ষনের কাজ দিয়ে এবং সে কাজ না করে প্রায় ৪৮.৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এবং তার মেয়ের নামের লাইসেন্স মোহনা এন্টারপ্রাইজের নামে ৩.৯৮ লাখ টাকার কাজ দিয়েছেন।
দুদকের এনফোর্সমেন্ট টীমের অভিযানে বান্দুরা ব্রিজ এবং ঢাকা মহানগরে দৃষ্টি নন্দন স্কুল প্রকল্পের গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কাজ না করে অতিরিক্ত বিল প্রদান করেছে মর্মে সত্যতা পেয়েছে। দুদক যদি উল্লেখিত বাকী প্রকল্পগুলোতে তদন্ত করে তবে কাজ না করে ৬০-৭০ কোটি টাকার অগ্রীম বিল প্রদান এবং টাকা আত্মসাতের তথ্য পেয়ে যাবে।
অফিসের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড ও অনিয়মঃ
তার অফিসের বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, বাচ্চু মিয়া দিনের বেলায় অফিসের কাজ না করে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের পেছনে ঘুরে বেড়ান। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি ওই বিশেষ দলের সমর্থক ঠিকাদারদের সাথে বসে দাপ্তরিক কাজ পরিচালনা করেন। অফিসের সি সি টিভির ফুটেজ দেখলেই তার অফিসে আগমন এবং ত্যাগের তথ্যের সত্যতা পাওয়া যাবে।
কর্মস্থলে স্বেচ্ছাচারিতা ও হয়রানিঃ
বাচ্চু মিয়ার বিরুদ্ধে অফিসের স্টাফদের হয়রানি করার অভিযোগও রয়েছে। তার অত্যাচারে অফিসের অনেক কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় ঢাকা জেলা থেকে বদলি হয়ে গেছেন। অভিযোগ রয়েছে, তিনি অফিসের নিয়মিত কর্মচারীদের বাদ দিয়ে নিজের ভাড়া করা নিজস্ব লোক দিয়ে অফিস চালাচ্ছেন। আনিস নামের এক বহিরাগত ব্যক্তি তার ডান হাত হিসেবে কাজ করেন এবং তার মাধ্যমেই সব অপকর্ম পরিচালিত হয় বলে অভিযোগ আছে।
প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের দীর্ঘ ইতিহাসঃ
বাচ্চু মিয়ার কর্মজীবনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তিনি ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবের কণ্ঠ নকল করে এলজিইডির প্রধান প্রকৌশলীকে ফোন করে নেত্রকোণা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে পোস্টিং নিয়েছিলেন। দেড় মাস পর ঘটনা জানাজানি হলে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। এছাড়া, তার পূর্ববর্তী কর্মস্থল গাজীপুরের কাপাসিয়া, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে সহকর্মীদের সাথে ঝামেলা করার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। কাপাসিয়ায় ইউএনওকে বদলি করানো, ময়মনসিংহে নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করা এবং কিশোরগঞ্জে উপজেলা প্রকৌশলীদের সঙ্গে ঝামেলা সৃষ্টির মতো ঘটনাগুলো তার পূর্ববর্তী কর্মস্থলের খোঁজ নিয়ে জানা গেছে।
রাজনৈতিক রং বদলঃ
বাচ্চু মিয়ার মা একসময় জাতীয় পার্টির মহিলা নেত্রী ছিলেন। তখন তিনিও করতেন জাতীয় পার্টি। এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে শুরু করেন বিএনপি। তারপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি আওয়ামী লীগ হয়ে যান। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে ক্ষমতার দাপটে বিভিন্ন কর্মক্ষেত্রে নানা অপকর্ম করে বেড়ায়। ৫ আগষ্টের পর খোলস পাল্টে বিএনপি সেজে যায়। বিএনপি ক্ষমতায় না আসলেও তার দাপটে এলজিইডি ঢাকা জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছেন এলজিইডির বিভিন্ন কর্মকর্তা।
দরপত্রে অনিয়মঃ
তিনি মাসের পর মাস ধরে দরপত্র মূল্যয়ন করেন। অভিযোগ রয়েছে তিনি বৈধ ঠিকাদারদের কাজ না দিয়ে গায়ের জোরে প্রথম বৈধ নিম্নদরের ঠিকাদারকে বাদ দিয়ে তার পছন্দের ঠিকাদারদেরকে কাজ দেন। এ নিয়ে বেশ কয়েকবার তার সাথে ঠিকাদারদের কথা কাটাকাটি হয়। সম্প্রতি উত্তরাতে তিনটি স্কুলের দরপত্রে তিনটি প্যাকেজে নিন্মদরের ঠিকাদারদের কাজ না দিয়ে ৭-৮% উচ্চ দরের ঠিকাদারদের কাজ দেয়ার সুপারিশ করলে এলজিইডির প্রধান প্রকৌশলী তিনটি প্যকেজেই পুনঃদরপত্রের আদেশ দেন।
এলজিইডির সিনিয়র কর্মকর্তারাও তাকে পছন্দ করেন না বলে জানা যায়। তিনি কোনো সিনিয়রের ফোন রিসিভ করেন না এবং কোনো পিডির সাথে তার সম্পর্ক ভালো না। ঢাকা জেলার সাধারণ ঠিকাদাররা বাচ্চু মিয়ার বিরুদ্ধে বেশ কয়েকবার প্রধান প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়েছে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। বাচ্চু মিয়া বলে বেড়ায় এলজিইডি এবং মন্ত্রণালয় তার ম্যানেজ করা আছে। কেউ তার কিচ্ছু করতে পারবে না।
এসব অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দ্রুত পদক্ষেপ নেওয়া হলে পুরো সত্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। এসব অভিযোগের ব্যপারে বাচ্চু মিয়াকে বারবার ফোন এবং টেক্সট মেসেজ করেও তার উত্তর পাওয়া যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর