
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও জোরদারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কূটনীতি, প্রশিক্ষণ এবং জনযোগাযোগ বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে চীনা প্রতিনিধি দলের পাশাপাশি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
চীনা রাষ্ট্রদূত জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় চীন। এর মাধ্যমে দুই দেশের গণমাধ্যমের মধ্যে পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে।
তিনি আরও জানান, আগামী জুলাই ও অক্টোবরে দুটি পৃথক সামিট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে বাংলাদেশের সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বিনিময় হবে।
এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশগ্রহণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং প্রযুক্তিগত উৎকর্ষে দেশটির অগ্রগতি প্রশংসনীয়। ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদার হলে উভয় দেশই উপকৃত হবে এবং নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, এসব খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ সব সময়ই আন্তরিক এবং চীনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছে সরকার।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর