প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬, ৮:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বর্গাচাষি আব্দুল জলিলের তিন বিঘা জমির পাকা আমন ধান পুড়ে ছাই হয়ে গেছে। ধারদেনা করে চাষ করা ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াগছ গ্রামে এ ঘটনা ঘটে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাকা ধানের স্তূপে আগুন দেওয়ার ঘটনায় তিন বিঘা জমির ফসল হারিয়েছেন বর্গাচাষি আব্দুল জলিল। ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেছিলেন তিনি। ফসল ঘরে তোলার প্রস্তুতির মধ্যেই আগুনে তাঁর সব পরিশ্রম পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াগছ গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিল ওই গ্রামের মৃত নকিব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পশ্চিম পাশে সড়কের ধারে কেটে রাখা পাকা ধান স্তূপ করে রেখেছিলেন জলিল। ধান মাড়াই করে ঘরে তোলার প্রস্তুতি চলছিল তাঁর। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ওই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়।
শুক্রবার ফজরের নামাজের পর একই গ্রামের আনছারুল নামে এক ব্যক্তি ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে জলিলকে খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তিন বিঘা (১৫০ শতাংশ) জমির পাকা ধান পুড়ে ছাই হয়ে যায়।
নাওয়াগছ গ্রামের বাসিন্দা আনছারুল জানান, তিনি ওই রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় সড়কের পাশে স্তূপ করে রাখা ধানে আগুন জ্বলতে দেখেন। বিষয়টি দেখে তাৎক্ষণিকভাবে কৃষক আব্দুল জলিলকে খবর দেন। তবে কে বা কারা ধানের স্তূপে আগুন দিয়েছে, তা তিনি দেখতে পাননি।
শুক্রবার সকালে পোড়া ধানের ছাইয়ের পাশে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যায় কৃষক জলিলকে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এলাকায় কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ বা শত্রুতা নেই। কে বা কারা তাঁর এমন সর্বনাশ করেছে, তা বুঝতে পারছেন না।
তিনি বলেন, ধারদেনা ও ঋণ নিয়ে অন্যের জমি বর্গা করে চাষ করেছিলেন। এখন সংসার কীভাবে চলবে এবং ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
গ্রামের বাসিন্দা আবু হোসেন বলেন, আব্দুল জলিল অত্যন্ত দরিদ্র ও অসহায়। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহের পাশাপাশি অন্যের জমি আধি-ঠিকা নিয়ে চাষাবাদ করে সংসার চালানোর চেষ্টা করেন। এমন একজন অসহায় কৃষকের পাকা ধানে আগুন দিয়ে তাঁর সর্বনাশ করা কোনোভাবেই কাম্য নয়।
যিনি বা যারা এ অমানবিক কাজ করেছেন, তাঁদের এমনটি করা উচিত হয়নি বলে মন্তব্য করেন আবু হোসেন। ক্ষতিগ্রস্ত কৃষক জলিলের পাশে দাঁড়াতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সরকারিভাবে আর্থিক বা কৃষি সহায়তা পেলে জলিল কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান বলেন, ধান মাড়াইয়ের প্রস্তুতি হিসেবে আব্দুল জলিল সড়কের পাশে তাঁর পাকা ধান স্তূপ করে রেখেছিলেন। রাতের আঁধারে কে বা কারা সেখানে আগুন লাগিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, ‘জলিল এই ধান ঘরে তুলেই তাঁর ধারদেনা পরিশোধ করতেন এবং পরিবারের আগামী এক বছরের খাদ্যের সংস্থান করতেন। কিন্তু দুর্বৃত্তদের আগুনে মুহূর্তেই তাঁর সব আশা-স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।’
একজন জনপ্রতিনিধি হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিলের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ইউপি সদস্য আতাউর রহমান।
সাংবাদিক তরিকুল ইসলামের ফেসবুক আইডিতে ঘটনাটি দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ধানের স্তূপ পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত অমানবিক ও বেদনাদায়ক। একজন কৃষক অনেক পরিশ্রম ও কষ্টের বিনিময়ে ফসল উৎপাদন করেন। তাঁর সেই পরিশ্রমের ফসলে আগুন দিয়ে নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
পরবর্তী মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো প্রণোদনা বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিলকে সেই প্রণোদনার আওতায় এনে সহযোগিতা করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, তাঁর দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তাঁকে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষককে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান বলেন, ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) দিলিপ কুমারকে পাঠানো হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার বিষয়টি অবহিত করেছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।