
রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার আওতাধীন ফায়দাবাদ এলাকার কোটবাড়ি সালমা মার্কেট-সংলগ্ন একটি বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে প্রযোজ্য নিরাপত্তা বিধি ও ভবন নির্মাণসংক্রান্ত একাধিক নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এতে নির্মাণশ্রমিকদের পাশাপাশি আশপাশের পথচারী ও স্থানীয় বাসিন্দারাও সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ভবনের কলামের নির্ধারিত সীমার বাইরে ডেভিয়েশন করা হয়েছে । এছাড়া নির্মাণস্থলের চারপাশে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনি (সেফটি ব্যারিয়ার) স্থাপন করা হয়নি। ফলে নির্মাণসামগ্রী বা অন্যান্য বস্তু নিচে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া ভবন নির্মাণের অনুমোদন, প্রকল্পের তথ্য ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পরিচয় সংবলিত নির্মাণ তথ্যফলক প্রদর্শন বাধ্যতামূলক হলেও সেখানে এমন কোনো তথ্যফলক দেখা যায়নি। অভিযোগ রয়েছে, আবাসিক ভবনের অনুমোদন নেওয়া হলেও সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের প্রস্তুতি চলছে। এসব বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে নির্মাণাধীন ভবনের ব্যবস্থাপক হিসেবে পরিচয় দেওয়া শওকত হোসেনের সঙ্গে কথা হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তবে তিনি দাবি করেন, রাজউকের তদারকিতেই ভবনটির নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজউকের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট নির্মাণকাজ নিয়ে তারা একাধিক অভিযোগ পেয়েছেন। অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগর পরিকল্পনা ও ভবন নির্মাণ-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, বহুতল ভবন নির্মাণে অনুমোদিত নকশা, কাঠামোগত মানদণ্ড এবং নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। এসব নিয়মের ব্যত্যয় ঘটলে তা শুধু নির্মাণের গুণগত মানকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং জননিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা যাচাই এবং অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর