পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব দক্ষিণ ঢাকা গড়তে বড় পরিসরের উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন—ডিএসসিসি। ২০২৬-২৭ অর্থবছরে চলমান ও প্রক্রিয়াধীন সরকারি উন্নয়ন প্রকল্প মিলিয়ে মোট ১ হাজার ৭৪ কোটি ৮ লাখ টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, চলমান ডিপিপিভুক্ত সরকারি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৫৫৪ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রক্রিয়াধীন প্রকল্পে রাখা হয়েছে আরও ৫১৯ কোটি ২৪ লাখ টাকা। উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে সড়ক যোগাযোগ, ড্রেনেজ, ফুটপাত, খাল পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা, পার্কিং, বিনোদন ও সামাজিক অবকাঠামো উন্নয়নে। ইনার সার্কুলার রিং রোডের বেড়িবাঁধ রায়েরবাজার দুই নম্বর গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত সড়ক উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ২৩৬ কোটি ৪৮ লাখ টাকা। খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টির প্রকল্পে ১৫৩ কোটি ৮৬ লাখ টাকা এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্কের উন্নয়ন ও আধুনিকায়নে ৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ ও মেকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনে রাখা হয়েছে ৩৬ কোটি টাকা। কমিউনিটি সেন্টার নির্মাণে ৩২ কোটি ৫০ লাখ টাকা, ডিএসসিসির ২, ৪ ও ৭ নম্বর অঞ্চলের ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়নে ১০৯ কোটি ২৪ লাখ টাকা এবং ৩ নম্বর অঞ্চলের সড়ক ও নর্দমা উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। একই সঙ্গে নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ অবকাঠামো উন্নয়নে রাখা হয়েছে ১৯০ কোটি টাকা। প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাত সংস্কার ও উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১৮০ কোটি টাকা। এছাড়া ছয়টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের সংস্কার ও আধুনিকায়নে রাখা হয়েছে ২০ কোটি টাকা। ডিএসসিসি প্রশাসক বলছেন, এসব প্রকল্পের লক্ষ্য শুধু সড়ক উন্নয়ন নয়; বরং যোগাযোগ, পানি নিষ্কাশন, পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা, পার্কিং, বিনোদন ও সামাজিক অবকাঠামোকে একটি সমন্বিত উন্নয়ন কাঠামোর আওতায় আনা। বিশেষ করে নতুন পাঁচ অঞ্চলের ১৮টি ওয়ার্ডকে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ফলে সম্প্রসারিত এলাকাগুলোর নাগরিক সুবিধা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দক্ষিণ ঢাকার যোগাযোগব্যবস্থা, পরিবেশ, পানি নিষ্কাশন ও নাগরিকসেবায় পরিবর্তন আসার পাশাপাশি আরও পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলার ভিত্তি শক্তিশালী হবে বলে আশা করছে ডিএসসিসি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর