রাজধানীর উত্তরার দিয়াবাড়ি গোলচত্বরের উত্তর পাশে, ১৫ নম্বর সেক্টরের তুরাগ এলাকায় নির্মাণাধীন ‘স্বপ্নপুর আবাসন লিমিটেড’ নামের একটি ভবনের নির্মাণকাজ ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে ভবন এলাকায় গিয়ে নির্মাণকাজের নিরাপত্তা বেষ্টনি পাওয়া যায়নি। একই সঙ্গে চোখে পড়েনি রাজউকের নির্দেশিত ভবন নির্মাণসংক্রান্ত তথ্যসংবলিত বোর্ড, যেখানে ভবনের অনুমোদিত নকশা, নির্মাণকারী প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় তথ্য থাকার কথা।
স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য ও সরেজমিন পর্যবেক্ষণে ভবনটির নির্মাণপ্রক্রিয়া নিয়ে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে ভবনের কলামের বাইরে অতিরিক্ত ডেভিয়েশন বা নকশা থেকে বিচ্যুতির অভিযোগ উঠেছে। ভবনটি ছয়জনের যৌথ বিনিয়োগে নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। তবে নির্মাণকাজে অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বক্তব্যের ভিন্নতা রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে মালিকপক্ষের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মো. জোবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। একই সঙ্গে নির্মাণসংক্রান্ত বিষয়গুলোর দায় প্রকৌশলীর ওপর চাপান।
অন্যদিকে, সংশ্লিষ্ট প্রকৌশলী মো. মোকাররমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা রাজউকের নির্দেশিত নিয়ম মেনেই ভবন নির্মাণ করছি।’
তবে সরেজমিনে নিরাপত্তা বেষ্টনি ও রাজউকের নির্দেশিত তথ্যসংবলিত বোর্ড না পাওয়ার বিষয়টি এবং কলামের বাইরে অতিরিক্ত ডেভিয়েশনের অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির সামঞ্জস্য যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অনুমোদিত নকশা ও শর্তের বাইরে কোনো ভবন নির্মাণ করা হলে রাজউক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এখন প্রশ্ন হচ্ছে, স্বপ্নপুর আবাসন লিমিটেডের ভবনটি রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হচ্ছে কি না? কলামের বাইরে অতিরিক্ত ডেভিয়েশনের অভিযোগের সত্যতা কতটুকু? নির্মাণস্থলে নিরাপত্তা বেষ্টনি ও প্রয়োজনীয় তথ্যসংবলিত বোর্ড না থাকার কারণ কী? এসব বিষয় সরেজমিন পরিদর্শন ও অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণাধীন ভবনের বাস্তব অবস্থা মিলিয়ে দেখলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।
রাজধানীর আবাসন খাতে ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা, অনুমোদিত নকশা অনুসরণ এবং সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। তাই স্বপ্নপুর আবাসন লিমিটেডের নির্মাণাধীন ভবনটির বিষয়ে রাজউকের কার্যকর তদন্ত ও প্রয়োজনীয় তদারকি এখন সময়ের দাবি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর