প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতিকে আরও স্থিতিশীল করতে সরকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে।
আজ রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তন-এ ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও মাত্রায় পরিবর্তন এসেছে। তাই আধুনিক অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের বিকল্প নেই।
তিনি বলেন, “সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, মানি লন্ডারিংসহ নতুন ধরনের অপরাধ দমনে যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের সুপারিশ অনুযায়ী নতুন আইন প্রণয়ন করা হবে।”
মন্ত্রী আরও জানান, দেশে ‘মব কালচার’ পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে আরও কার্যকর ও সময়োপযোগী করা হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আরও পেশাদার, দক্ষ ও জনবান্ধব হয়ে উঠতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর