দৈনিক প্রবাহ কার্যালয়ে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিববাড়ী মোড়ের অদূরে টাইগার গার্টেন হোটেলসংলগ্ন প্রবাহ ভবনের সামনে দৈনিক প্রবাহ পাঠক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দৈনিক প্রবাহ কার্যালয়ে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রবাহ কার্যালয়ের পূর্ব ও পেছনের অংশে অবস্থিত আনিস ইজারাদার ও টিটোর বস্তিকে ঘিরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাকারবারির অভিযোগ তুলে এসব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দৈনিক প্রবাহ কার্যালয়ের পূর্ব পাশ ও পেছনের দুটি বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। তাদের দাবি, গভীর রাত পর্যন্ত সেখানে মাদক কেনাবেচা চলে। পাশাপাশি বৈদ্যুতিক তার, মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাই পণ্য কেনাবেচারও অভিযোগ রয়েছে।
বক্তারা বলেন, এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দা ও আশপাশের প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাই দ্রুত তদন্ত করে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বস্তি দুটির বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অভিযোগ ও থানায় দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে দৈনিক প্রবাহ কার্যালয়ে কর্মরত পেস্টার ফয়সাল আহমেদ (৪৯) অফিসের পঞ্চম তলায় কাজ করছিলেন। এ সময় তিনি ওয়াশরুমে গেলে জানালা দিয়ে নিচে ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে দেখতে পান।
অভিযোগে বলা হয়, ফয়সাল আহমেদ নিচের দিকে তাকানোয় ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তারা জোরপূর্বক প্রবাহ ভবনে প্রবেশ করে পঞ্চম তলায় অবস্থিত পত্রিকা কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ভবনে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী মো. মুসলিম তাদের বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হামলাকারীরা পত্রিকা কার্যালয়ের দিকে এগিয়ে যায়। একপর্যায়ে তারা অফিসের দরজা ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ঘটনাস্থলে থাকা পেস্টার ফয়সাল আহমেদের ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে মাথা, মুখ, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে।
ফয়সালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে হামলাকারীরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত ফয়সাল আহমেদকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক প্রবাহ কার্যালয়ে হামলার ঘটনায় সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বক্তারা বলেন, একটি সংবাদপত্রের কার্যালয়ে ঢুকে কর্মরত ব্যক্তিকে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো গণমাধ্যম কার্যালয় বা সাংবাদিক হামলার শিকার না হন, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর