
বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। যারা স্বাধীনতা চায়নি, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। সোমবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে এসব কথা বলেন কাদের গনি চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বারবার গণতন্ত্র সংকটে পড়েছে। স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনগণের প্রত্যাশা ব্যাহত হয়েছে। বিএনপির ৩১ দফা এসব সংকটের বাস্তবসম্মত সমাধান এবং টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার রূপরেখা। আজ দেশের জনগণ মানবিক বাংলাদেশের দাবি তুলেছে। তারেক রহমানের ৩১ দফা মানবিক বাংলাদেশের ম্যাগনা কার্টা। তিনি আরও বলেন, বিএনপি প্রণীত ৩১ দফা কর্মসূচি গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের একটি সময়োপযোগী নীতিমালা। এতে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের অংশগ্রহণ এবং নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিএনপি সব মত ও পথের মানুষের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিতে অটল বলে উল্লেখ করেন তিনি। জনগণের ঐক্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে ভবিষ্যৎমুখী কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। কাদের গনি চৌধুরী বলেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্যে, সংস্কার দিয়েই একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা বা ‘ফ্রিডম অব প্রেস’ প্রেসিডেন্ট জিয়ার হাতেই এসেছিল। জনগণের মৌলিক স্বাধীনতার অধিকারগুলো প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা থেকে পার্লামেন্টারি সরকার ব্যবস্থায় পরিবর্তন আনেন। মেয়েদের লেখাপড়া দশম শ্রেণি পর্যন্ত বিনা খরচে চালুর ব্যবস্থা, চাকরিতে সুযোগ সৃষ্টি ও মহিলা অধিদপ্তর প্রতিষ্ঠা—সবই বিএনপি ও খালেদা জিয়ার অবদান। অথচ কিছু মানুষ বিএনপিকে ভিলেন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে তা বিএনপি, জিয়া ও খালেদা জিয়ার হাতেই হয়েছে। তিনি আরও বলেন, নানামুখী চক্রান্তের মধ্যেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছে। নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। ষড়যন্ত্রকারীরা আবারও বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্র করছে। জাতির বৃহত্তর স্বার্থে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সারোয়ার হোসেন, ওসমান তাহের সম্রাট, ইয়াকুব সিফাত, কামাল চৌধুরী, ইলিয়াস মেম্বার, রিফাত চৌধুরী, মাসুদ আজহার, হাসান হাফিজ, সোহেল সিকদার, সেলিম খান, আব্দুল আল মামুন, মোহাম্মদ রানা, সুমন খান, জীবন মুসা, কামাল উদ্দিন, নুরুল আফছার, আবু সাঈদ রুবেল, সাইমুনুল করিম, আবদুল মান্নান, খোরশেদুল আলম, মুনাফ চৌধুরী, ইসমাইল রাজ, আব্দুর রাজ্জাক, ইলিয়াস বাচা, ওমর ফারুক ও সোহেল রানা প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর