রাজধানীর উত্তরা দক্ষিণখান, কবি নজরুল রোড ও নলভোগ এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন ঘিরে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। ভবনটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। অভিযোগের মধ্যে রয়েছে অনুমোদিত নকশার বাইরে ডেভিয়েশন, নির্মাণসংক্রান্ত তথ্য প্রদর্শনের বোর্ড না থাকা এবং নির্মাণশ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা।
অভিযোগের বিষয়ে সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, নির্মাণাধীন ভবনটির সামনে রাজউকের বিধি অনুযায়ী ভবন নির্মাণ সংক্রান্ত তথ্যসম্বলিত কোনো বোর্ড দৃশ্যমান নেই। অথচ একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলমান থাকলেও অনুমোদন, নকশা ও নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সাধারণের কাছে দৃশ্যমান না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ভবনের পেছনের পাশে কলামের নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অংশ নির্মাণ (ডেভিয়েশন) করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অংশ অনুমোদিত নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা রাজউকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
শুধু ভবন নির্মাণের নকশা নিয়েই নয়, নিরাপত্তা ব্যবস্থাপনাতেও রয়েছে প্রশ্ন। ভবনটির সামনের সরু সড়কে পথচারী ও আশপাশের মানুষের নিরাপত্তার জন্য ব্যবস্থা দেখা গেলেও সুউচ্চ ভবনটিতে কর্মরত নির্মাণশ্রমিকদের জন্য কোন ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ( সেপ্টি নেট) দৃশ্যমান ছিল না। এতে নির্মাণকাজের সময় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে ভবনটির নির্মাণকাজ ও সার্বিক দায়িত্বে থাকা মোস্তফা কামাল বাপ্পির সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ভবন নির্মাণে সামনে ও পেছনে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। নির্মাণাধীন ভবনের ৩৬ জন শেয়ার হোল্ডার তাকে দিয়ে রেখেছেন বলে জানা যায়। ভবনের সামনে নির্মাণসংক্রান্ত তথ্যসম্বলিত বোর্ড না থাকার বিষয়ে তিনি বলেন, নির্মাণশ্রমিকদের অসাবধানতার কারণে নির্মাণসামগ্রীর আঘাতে বোর্ডটি নষ্ট হয়ে গেছে। তার দাবি, বোর্ডটি নষ্ট হওয়ার বিষয়টি অনিচ্ছাকৃত।
তবে ভবনটির ডেভিয়েশন অনুমোদিত নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না এবং নির্মাণকাজে রাজউকের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন ও নকশা যাচাই প্রয়োজন।
এ বিষয়ে রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজউকের অনুমোদিত নকশা ও বিধিবিধান পরিপন্থী ভবন নির্মাণ বন্ধে কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে রাজউক নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে।
তিনি আরও জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ভবনের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নলভোগ এলাকার এই নির্মাণাধীন বহুতল ভবনের অনুমোদিত নকশা, ডেভিয়েশন এবং নির্মাণ নিরাপত্তা ব্যবস্থা রাজউকের জোন কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে যাচাই করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর