রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সংবাদ:
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। যে শহরে তাঁর জন্ম, বেড়ে ওঠা এবং নাটক, সংগীত ও সাহিত্যে হাতেখড়ি, সেই শহরেই রাষ্ট্রপতি হিসেবে প্রথম সফরে এসেছেন তিনি।
ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পাড়ের এই শহর তাঁর রাজনৈতিক ও ব্যক্তিজীবনের নানা অধ্যায়ের সাক্ষী। বিএনপির তৃণমূলের কর্মী থেকে দলের কেন্দ্রীয় মহাসচিব এবং পৌরসভা চেয়ারম্যান থেকে দেশের রাষ্ট্রপতি হওয়ার দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্বনির্ধারিত সময় বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামের হেলিপ্যাডে তাঁর অবতরণের কথা থাকলেও তিনি সেখানে পৌঁছান বেলা ১টার দিকে।
পরে ঠাকুরগাঁও জেলা সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখান থেকে তিনি সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় পথে সড়কের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন রাষ্ট্রপ্রধান।
রাষ্ট্রপতির সম্মানে রোববার বিকেলে ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক বড় মাঠে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
সংবর্ধনা শুরুর আগে হঠাৎ পুরো শহর অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগই রাষ্ট্রপতিকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ও আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলো সাজানো হয়েছে বর্ণিল ব্যানার, ফেস্টুন, তোরণ ও আলোকসজ্জায়।
সফরকালে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনাসহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন সোমবার তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুরো জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও অনুষ্ঠানস্থলে বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি। রাষ্ট্রপতির চলাচলের পুরো পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
একসময় ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের অতি আপনজন হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন দেশের রাষ্ট্রপ্রধানের আসনে দেখে গর্বিত জেলার মানুষ। প্রিয় নেতা ও দেশের নতুন রাষ্ট্রপতিকে একনজর দেখতে এবং সরাসরি বরণ করে নিতে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর