তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ। বর্তমান বিনিময় হার অনুযায়ী নতুন এ মজুরি প্রায় ১৩৭ মার্কিন ডলারের সমান, যা এইচঅ্যান্ডএমের ২০২৫ সালের সরবরাহকারী কারখানার তথ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরির চেয়ে বেশি।
এইচঅ্যান্ডএমের তথ্য অনুযায়ী, ভারতে পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২৪ ডলার এবং পাকিস্তানে ১৩৫ ডলার। সে হিসাবে বাংলাদেশের নতুন মজুরি ভারতের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি।
প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৪ টাকা ধরে বাংলাদেশের নতুন ন্যূনতম মজুরি দাঁড়ায় ১৩৭ দশমিক ১০ ডলার। আগের ১২ হাজার ৫০০ টাকার তুলনায় নতুন মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।
রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, পোশাকশিল্পের সামগ্রিক সক্ষমতা ও অন্যান্য দিক বিবেচনায় নতুন ঘোষিত মজুরি কাঠামো সর্বোচ্চ। আঞ্চলিক অনেক প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম গ্রুপের ২০২৫ সালের ‘ওয়েজেস ইন আওয়ার সাপ্লাই চেইন’ ড্যাশবোর্ডে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ আটটি গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশের শ্রমিকদের মজুরি পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
২০২৬ সালের মার্চে হালনাগাদ করা ড্যাশবোর্ডে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এতে সরবরাহকারী কারখানার শ্রমিকদের গড় মাসিক মজুরি ও নিম্নতম মজুরির তথ্য আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।
এইচঅ্যান্ডএম ২০১৩ সাল থেকে তাদের সরাসরি সরবরাহকারী কারখানাগুলোতে শ্রমিকদের মজুরি পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির ড্যাশবোর্ডে স্থানীয় মুদ্রা ও মার্কিন ডলার—উভয় হিসাবেই দেশভিত্তিক তথ্য প্রকাশ করা হয়। অঞ্চল, রাজ্য ও শ্রমিকের শ্রেণিভেদে মজুরির পার্থক্য বিবেচনায় নিয়ে নিম্নতম মজুরির ভারসাম্যপূর্ণ গড় হিসাব করা হয়।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডে মাসিক মজুরি ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ মজুরি কার্যকর হবে।
মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নতুন সিদ্ধান্তের ফলে তিন বছরের ব্যবধানে আবারও পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল।
তবে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে ব্যবহৃত তথ্য ২০২৫ সালের সরবরাহকারী কারখানাভিত্তিক। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ২০২৬ সালের নভেম্বরে ঘোষিত নতুন মজুরি বিবেচনা করা হয়েছে। ফলে এই তুলনা একই সময়ের তিন দেশের জাতীয় আইনগত ন্যূনতম মজুরির সরাসরি তুলনা নয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর