প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। দুর্গাপূজার সময়ে প্রধানমন্ত্রীর এ সফর হিন্দুধর্মাবলম্বীদের জন্য বিশেষ প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। মানুষ উচ্ছ্বসিত হবে। দুর্গাপূজার সময়ে তাঁর রাজশাহী সফর হিন্দুধর্মাবলম্বীদের জন্যও বড় প্রাপ্তি।
বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, এর আগে কোনো সরকারপ্রধান দুর্গাপূজার সময়ে রাজশাহীতে আসেননি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর রাজশাহীবাসীর জন্য অনেক বড় পাওয়া। তিনি রাজশাহী ও এ অঞ্চলের মানুষকে অত্যন্ত ভালোবাসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও রাজশাহীকে ভালোবাসতেন এবং বিভিন্ন সময়ে এখানে এসেছেন বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মো. মিজানুর রহমান মিনু। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যাতে কোনো ত্রুটি না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
সভায় প্রধানমন্ত্রীর সফর সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া সফরকে কেন্দ্র করে সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর