প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। এ সফরে তিনি মোংলায় দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করবেন। এছাড়া বাগেরহাট জেলা সদরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে নির্ধারিত দুটি কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় যাবেন তিনি। খুলনায় তাঁর একটি কর্মসূচি রয়েছে।
খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তাদের বিকাশের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরজুড়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পরিচ্ছন্ন করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো।
খুলনা জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক সাজানো হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর রংবেরঙের ব্যানার ও ফেস্টুনে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা ধরনের গ্রাফিতি। এসব গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে খুলনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। পাশাপাশি স্থান পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি।
তবে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এবার ব্যতিক্রমী চিত্র দেখা গেছে নগরীতে। সরেজমিনে দেখা যায়, তাঁকে স্বাগত জানাতে নির্মিত তোরণ ও স্থাপন করা বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। দলীয় নেতা-কর্মীদের লাগানো ফেস্টুনও সরিয়ে নেওয়া হয়েছে। ফলে অন্যান্য সময়ের মতো যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুনের আধিক্য চোখে পড়ছে না।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে পুরো খুলনা মহানগরীতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও কর্মসূচিস্থল ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে নগরবাসী অপেক্ষায় রয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর