ব্যস্ত অভিনয়জীবনের মধ্যেও নিজের এক অদ্ভুত দক্ষতার কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের জিভ প্রায় ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারেন তিনি।
প্যারিস ফ্যাশন উইক ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনার মধ্যেই নিজের অজানা এক ব্যতিক্রমী দক্ষতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি আমেরিকান জীবনধারা ও ফ্যাশনবিষয়ক প্রকাশনা ‘দ্য কাট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি জানান।
সাক্ষাৎকারে জাহ্নবীকে এমন কোনো লুকানো দক্ষতার কথা বলতে বলা হয়, যা সাধারণত মানুষ জানে না। জবাবে তিনি হাসতে হাসতে জানান, নিজের জিভ প্রায় ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারেন। তবে এই দক্ষতাকে তিনি নিজেই মজার ছলে ‘অর্থহীন ও বেকার একটি কৌশল’ হিসেবে বর্ণনা করেন।
এই অদ্ভুত দক্ষতা কীভাবে আয়ত্ত করেছেন, সে গল্পও শেয়ার করেন ‘দেভারা’খ্যাত অভিনেত্রী। জাহ্নবী জানান, স্কুলজীবনে তার সহপাঠীদের মধ্যে জিভ দিয়ে নাক স্পর্শ করার চেষ্টা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা চলত। কিন্তু অনেক চেষ্টা করেও তিনি বন্ধুদের মতো জিভ দিয়ে নাক স্পর্শ করতে পারতেন না।
তখন বন্ধুদের চমকে দিতে অন্য কিছু করার চেষ্টা শুরু করেন তিনি। সেই চেষ্টার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জিভ ঘোরানোর এই ব্যতিক্রমী কৌশলটি আয়ত্ত করেন জাহ্নবী। পরে এটি তার জন্য এক ধরনের মজার ‘পার্টি ট্রিক’ হয়ে ওঠে।
এদিকে ব্যক্তিগত জীবনের এই মজার তথ্যের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে সাম্প্রতিক এক ঘটনায়ও আলোচনায় এসেছেন জাহ্নবী।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত জাহ্নবী কাপুর ও জুনিয়র এনটিআর অভিনীত ‘দেভারা: পার্ট ১’-এর ‘ছুটামাল্লে’ গানকে কেন্দ্র করে তৈরি একটি বিকৃত এআই ভিডিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে জাহ্নবীকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানান জাহ্নবী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে তিনি প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তির সম্মতি ছাড়া বিকৃত কনটেন্ট তৈরির সমালোচনা করেন। নারীদের বস্তু হিসেবে উপস্থাপনে প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এদিকে এসব বিতর্কের বাইরে নিজের অভিনয়জীবনের পরবর্তী কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবী। রাজ মেহতা পরিচালিত ‘লাগ যা গলে’ সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে অভিনয় করছেন টাইগার শ্রফ ও লক্ষ্য। বড় বাজেটের সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর