বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ ও জলবায়ু সহনশীলতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ দুপুরে বঙ্গভবনে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য বিপণনের সুযোগ ও মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে উইনরক ইন্টারন্যাশনালকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে শিক্ষা, কৃষিসহ অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতে সংস্থাটির চলমান কার্যক্রম অব্যাহত রাখা এবং বাংলাদেশে এর কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা ও অভিবাসী কর্মীদের সুরক্ষাসহ দেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদি বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় রাষ্ট্রপতি সংস্থাটির উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল ১৯৮০-এর দশক থেকে বাংলাদেশে কৃষি উন্নয়ন, জীবিকায়ন, জলবায়ু সহনশীলতা ও মানবপাচার প্রতিরোধে কাজ করে আসছে।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির প্রেস সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর