এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বছরের দ্বিতীয় সরকারি ভারত সফরে কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চলতি বছরে এটি তাঁর দ্বিতীয় সরকারি ভারত সফর। এবারের সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতা নিয়েও আলোচনা গুরুত্ব পাবে।
ভারতে পৌঁছানোর আগে উজবেকিস্তান সফর করেন রুবিও। সেখানে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করার আহ্বান জানান তিনি। এরপর তিনি মুম্বাইয়ে পৌঁছান। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে আলোচনা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
বার্তা সংস্থা এএফপি মুম্বাই থেকে এ খবর জানিয়েছে।
এর আগে গত মে মাসে নয়াদিল্লি ও কলকাতা সফর করেন মার্কো রুবিও। ওই সফরে তাজমহল পরিদর্শনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। তবে এবারের সফরে মোদির সঙ্গে রুবিওর বৈঠকের কোনো সূচি নেই।
সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের জামনগর যাওয়ার কথা রয়েছে। বন্দরনগরী জামনগর ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স শিল্পগোষ্ঠীর অন্যতম প্রধান কেন্দ্র। সেখানে গোষ্ঠীটির প্রধান তেল শোধনাগার অবস্থিত, যা বিশ্বের বৃহত্তম।
এ ছাড়া ২০০৮ সালের মুম্বাই হামলায় নিহত ১৬৬ জনের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে মার্কো রুবিওর।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর