বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবার পানির বোতল ছাড়া একবার ব্যবহারযোগ্য সব ধরনের প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের শপিং ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। এমনকি মেলায় অংশগ্রহণকারী কোনো প্রতিষ্ঠান নিজেদের ব্যবহারের ক্ষেত্রেও প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করলে তারা সেরা প্যাভিলিয়ন বা স্টল সম্পর্কিত কোনো পুরস্কারের যোগ্য বিবেচিত হবে না। সোমবার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ১ জানুয়ারি শুরু হতে যাওয়া মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বাণিজ্য সচিব বলেন, এ বছরের বিশেষ উদ্যোগ হিসেবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও পলিথিন সম্পূর্ণ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; ফলে মেলা প্রাঙ্গণে কোনোভাবেই পলিথিন ব্যাগের অনুমতি থাকবে না। তিনি আরও জানান, পানির বোতল এখনো কাঁচে সরবরাহ করা সম্ভব না হওয়ায় পলিথিন বোতল অস্থায়ীভাবে রাখা হলেও তা সংগ্রহের ব্যবস্থা থাকবে, তবে পলিথিন ব্যাগ কোনোভাবেই চলবে না। তিনি স্পষ্টভাবে বলেন, যেসব প্রতিষ্ঠান বা দর্শনার্থী পলিথিন ব্যাগ ব্যবহার করবে তারা কোনো পুরস্কার পাওয়ার জন্য বিবেচিত হবে না। এ ছাড়া এবারের মেলায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনের জন্য ‘বাংলাদেশ স্কয়ার’ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সম্ভাবনাময় পণ্য খাতভিত্তিক সেমিনার, বিদেশি উদ্যোক্তাদের জন্য ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন, জ্যেষ্ঠ নাগরিকদের জন্য সিটিং কর্নার, শিশুদের জন্য দুইটি পার্ক, উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্রসহ নারী, প্রতিবন্ধী, কুটির, তাঁত, বস্ত্র ও হস্তশিল্প উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্টলও থাকবে বলে জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর