
সারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত কিছু বিচ্ছিন্ন ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া চার দিনের এই সফরে তিনি উত্তরাঞ্চলের নয়টি জেলা সফর করবেন। এ সফরকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করছে না। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির কিছু ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে এবং গত বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে হত্যার ঘটনায়ও তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। এসব বিচ্ছিন্ন ঘটনার ফলে নির্বাচন প্রভাবিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত সব দল মিলেই নির্বাচন সফল করবে। আসন সমঝোতার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বড় রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকলেও দলের পক্ষে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন, তাদের কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার কাউকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর