বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের সময় দুর্ঘটনায় নিহত ও আহত দুই শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে শার্শা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত শ্রমিক রবিউল ইসলামের পরিবারের হাতে ২০ হাজার টাকা এবং গুরুতর আহত শ্রমিক আখতারুজ্জামানের পরিবারের হাতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা প্রদান করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
সহায়তা হস্তান্তরের সময় নিহত রবিউল ইসলামের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। কর্মক্ষেত্রে তাঁদের এমন মর্মান্তিক পরিণতি গভীরভাবে কষ্টদায়ক। সরকারি এই সহায়তা স্বজন হারানোর ক্ষতি পূরণ করতে না পারলেও কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর একটি ছোট্ট প্রয়াস। সাধারণ মানুষের যেকোনো বিপদে উপজেলা প্রশাসন পাশে থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী উপস্থিত ছিলেন। পরে শ্রমিক ইউনিয়নের নেতারা নিহত রবিউল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত আখতারুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দরের ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর