
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না এবং সড়ক অবরোধ বা ব্লক করে অনুষ্ঠান আয়োজন করা যাবে না। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৮তম সভায় জাতীয় নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অগ্রগতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের ধরতে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ অভিযানে হাজারের বেশি গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে ধর্মীয় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, গির্জায় বিশেষ নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, টহল বৃদ্ধি ও সিসিটিভি মনিটরিং জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাস ও নাশকতা দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারসহ নিরাপত্তা কার্যক্রম আরও তৎপর রাখার কথা বলা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর