ভারতে পালানোর চেষ্টা করতে গিয়ে সুনামগঞ্জের একটি হত্যা মামলার দুই সহোদরকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গেলে যাচাই–বাছাইয়ে তাঁদের বিরুদ্ধে মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাঁদের থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২)। তাঁরা সুনামগঞ্জ জেলার হালুরগাঁন এলাকার জালাল উদ্দিনের ছেলে।
ইমিগ্রেশন সূত্র জানায়, দুই ভাই ভারতগামী যাত্রী হিসেবে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। পাসপোর্ট যাচাইয়ের সময় তাঁদের নামে হত্যা মামলার তথ্য ও ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্তির বিষয়টি ধরা পড়ে। এরপরই তাঁদের আটক করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, পাসপোর্ট যাচাইয়ের সময় দেখা যায়, পারিবারিক বিরোধের জেরে দায়ের হওয়া একটি হত্যা মামলায় দুই ভাই আসামি। তথ্য নিশ্চিত হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে দুই সহোদরকে গ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে তাঁদের সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রস্তুতি চলছে।
আটক শামিম দাবি করেন, স্থানীয় পারিবারিক বিরোধের একটি মামলায় তাঁদের নাম এসেছে। তিনি আরও বলেন, তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, গত দেড় বছরে ভারতে পালানোর চেষ্টাকালে হত্যা ও বিস্ফোরণসহ বিভিন্ন মামলার আসামি—এমন প্রায় ৪০ জন পাসপোর্টধারী যাত্রীকে বেনাপোলে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর