বর্তমান প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই অবস্থানের যৌক্তিকতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ব্যাখ্যা করতে বাংলাদেশ সক্ষম হবে। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায় এবং বিশ্বকাপেও অংশ নিতে চায়, তবে আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় খেলতে তারা আগ্রহী। আসিফ নজরুল আরও বলেন, ভারতে খেলতে না যাওয়ার এই সিদ্ধান্তে বাংলাদেশ দৃঢ় অবস্থানে রয়েছে এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আইসিসিকে স্পষ্টভাবে বোঝানো সম্ভব হবে বলে তিনি আশা করেন। তিনি প্রত্যাশা করেন, আইসিসি বাংলাদেশের যুক্তিগুলো নিরপেক্ষ ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করে কষ্টার্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবে। উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনার পরই ভারতে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে অবহিত করে বাংলাদেশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর