শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ইকরী মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আদালতের নির্দেশনা উপেক্ষা করে দখল, মিউটেশন এবং বিক্রির অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো কার্যকর প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, ডামুড্যা থানার ২৮ নং নম্বর ইকরী মৌজার বি.আর.এস ১৬১ নং খতিয়ানের অন্তর্ভুক্ত ৪৪৩, ৪৪৪ ও ৪৪৬ নম্বর দাগের প্রায় ১.০২৯ শতাংশ জমি নিয়ে ১৯৮৬ সালে আমেনা বেগম (স্বামী: মোহাম্মদ আলী) একটি মামলা দায়ের করেন। ওই মামলা (মিসকেস নং- ৫০/৮৬) তিনি হেরে যান।
পরবর্তীতে বিষয়টি আপিল হয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে। ১৯৯৪ সালে দায়েরকৃত সিভিল রিভিশন নং- ৩৫২০/১৯৯৪ মামলায়, যা দেওয়ানি কার্যবিধির ১১৫ ধারার অধীনে দায়ের করা হয়, অবশেষে ১৯৯৯ সালের ১৫ জুন মহামান্য হাইকোর্ট খলিল হাওলাদারের পক্ষে রায় প্রদান করেন।
তবে অভিযোগ রয়েছে, ওই রায়ের পরও আমেনা বেগম পক্ষ বিভিন্ন অনিয়ম ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে পুনরায় জমির মালিকানা দাবি করে এবং শরীয়তপুর জজকোর্টের একটি রায়ের কপি ব্যবহার করে মিউটেশন সম্পন্ন করে।
বর্তমানে বিষয়টি নিয়ে মহামান্য হাইকোর্টে সিভিল ডিভিশন মামলা (নং- ১১৭৬/২০২৭) চলমান রয়েছে। মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ ওই জমি বিক্রি করে সেখানে স্থাপনা নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা বিষয়টি আদালতে অবহিত করলে আদালত ২০২৬ সালের ৪ এপ্রিল ডামুড্যা থানার অফিসার ইনচার্জকে জমির উপর সকল কার্যক্রম বন্ধ রেখে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্তরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
খলিল হাওলাদারের পরিবার আরও অভিযোগ করে, তারা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), শরীয়তপুর আদালতে (মিস নং- ৫১/২০২১-২২) আবেদন করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অসহায় ও প্রতিবন্ধী খলিল হাওলাদারের পরিবার দাবি করছে, ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা চলছে এবং তারা জীবননাশের হুমকির মধ্যেও রয়েছে।
তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, কাগজপত্র যাচাই এবং হাইকোর্টের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জমির উপর সব ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর